৭ দেশে লাইক লুকাচ্ছে ইনস্টাগ্রাম

১০ নভেম্বর, ২০১৯ ১৪:০৯  
কানাডা থেকে পরীক্ষামূলকভাবে লাইকের সংখ্যা লুকিয়ে রাখার পরীক্ষা শুরু করছে ফটো শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম।  আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে এই পরীক্ষা শুরু করবে বলে জানিয়েছে প্রযুক্তি সাইট ভার্জ। যুক্তরাষ্ট্রের আগে কানাডাসহ মোট সাতটি দেশে এই পরীক্ষামূলক কার্যক্রমটি পরিচালিত করা হয়েছে। কানাডার পরে অন্য যে দেশগুলোতে এই পরীক্ষামূলক কার্যক্রমটি চলেছে সেগুলো হলো— আয়ারল্যান্ড, ইতালি, জাপান, ব্রাজিল, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ইন্টারনেটের জগতে এই ফটো শেয়ারিং প্ল্যাটফর্মটিকে একটি নিরাপদতম জায়গায় রাখতে শুক্রবার (৯ নভেম্বর) ওয়্যারড-২৫ এর সম্মেলনে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসিরি এই ঘোষণা দেন। পরীক্ষামূলক পর্যায়ে লাইকের সংখ্যাটি পাবলিক পোস্টগুলো নিউজ ফিড, ওয়েব ও প্রোফাইলে লুকানো থাকবে। তবে লাইকের সংখ্যাটি লুকানো থাকলেও পোস্টদাতা এটি দেখতে পারবেন। অবশ্য পোস্টটি যারা দেখছেন তাদের কাছে মূলত এই সংখ্যাটি লুকানো থাকবে। তবে লাইক লুকিয়ে রাখার এই সিদ্ধান্ত শুধু একক ইনস্টাগ্রামেরই নয়। ফেসবুকও পরীক্ষামূলকভাবে অস্ট্রেলিয়াতে লাইকের সংখ্যা লুকিয়ে রাখার কার্যক্রমটি পরিচালিত করছে।